হাওজা নিউজ এজেন্সি: প্রায় ৩৭ বছর ধরে নেতৃত্ব প্রদানের সময় শহীদ বিপ্লবী নেতা সাম্রাজ্যবাদবিরোধিতাকে ইসলামী বিপ্লব ও ইসলামী রাষ্ট্রব্যবস্থার অন্যতম মৌলিক আদর্শ হিসেবে তুলে ধরেছেন।
তাঁর দৃষ্টিতে সাম্রাজ্যবাদবিরোধিতা কোনো আবেগনির্ভর প্রতিক্রিয়া কিংবা সাময়িক রাজনৈতিক অবস্থান নয়; বরং এটি অন্যায় ও বৈষম্যপূর্ণ বিশ্বব্যবস্থার বিরুদ্ধে একটি সুগভীর আদর্শিক অবস্থান। এই দর্শনের মূল লক্ষ্য হলো আধিপত্যবাদী শক্তির শোষণ ও নিয়ন্ত্রণ থেকে জাতিসমূহকে মুক্ত করা এবং ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা করা।
এই চিন্তাধারার মূল ভিত্তি ইমাম খোমেনি (রহ.)-এর আদর্শ। একই ধারার প্রভাব বর্তমান নেতৃত্বের বক্তব্য ও বার্তায়ও প্রতিফলিত হয়েছে।
আধিপত্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে অব্যাহত সংগ্রাম
ইমাম সাদিক (আ.) গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ও গবেষক ড. মাহদি ইসলামী বলেন, সাম্রাজ্যবাদবিরোধিতা বিশ্লেষণের ক্ষেত্রে বিষয়টিকে সামগ্রিক ও গভীরভাবে উপলব্ধি করা জরুরি।
তাঁর মতে, ইমাম খোমেনি (রহ.) ও শহীদ বিপ্লবী নেতার চিন্তাধারায় সাম্রাজ্যবাদ মূলত আধিপত্য বিস্তারের একটি প্রবণতা, যা ন্যায়বিচার ও জাতিসমূহের সার্বভৌম অধিকারের সম্পূর্ণ পরিপন্থী। তাই সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম বলতে কোনো নির্দিষ্ট রাষ্ট্রের সঙ্গে বিরোধ বোঝায় না; বরং এর লক্ষ্য হলো আধিপত্যবাদী বিশ্বব্যবস্থার অন্যায় ও শোষণমূলক নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া।
তিনি জানান, শহীদ বিপ্লবী নেতা একসময় শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন, বিশ্বব্যাপী আধিপত্যবাদী শক্তিগুলোর সঙ্গে ইরানি জাতির বিরোধের মূল কারণ হলো, ইসলামী প্রজাতন্ত্র আধিপত্য বিস্তারকারী ও আধিপত্য মেনে নেওয়া—এমন কোনো ব্যবস্থাকে গ্রহণ করতে রাজি নয়। তিনি আরও জোর দিয়ে বলেছিলেন, কোরআনের শিক্ষার ভিত্তিতে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম কখনো বন্ধ হওয়ার নয়।
ড. ইসলামী আরও বলেন, শহীদ নেতা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন, সাম্রাজ্যবাদবিরোধিতা কোনো জাতিকে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন করে না। বরং আধিপত্যবাদী শক্তির সামনে নতি স্বীকার না করে ইসলামী রাষ্ট্রকে এমন শক্তিশালী, সুদৃঢ় ও সুরক্ষিত অবস্থানে পৌঁছাতে হবে, যাতে শত্রুরা বুঝতে পারে যে তাদের পক্ষে আর কোনো ক্ষতি করা সম্ভব নয়।
আদর্শিক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড জোরদারের প্রয়োজন
ড. ইসলামী বলেন, সর্বপ্রথম জনগণ ও নতুন প্রজন্মের কাছে আধিপত্যবাদী ব্যবস্থার প্রকৃত স্বরূপ ও বৈশিষ্ট্য সঠিকভাবে তুলে ধরতে হবে। এ জন্য আদর্শিক ও বুদ্ধিবৃত্তিক আলোচনা এবং গবেষণার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, আদর্শিক পর্যায়ে সাম্রাজ্যবাদবিরোধিতা বলতে ন্যায়বিচারভিত্তিক একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক শাসনব্যবস্থার মডেল উপস্থাপন করাকে বোঝায়। এমন একটি ব্যবস্থা বিশ্বের স্বাধীনতাকামী ও ন্যায়প্রত্যাশী জাতিগুলোর কাছেও গ্রহণযোগ্য হতে পারে।
তিনি আরও সতর্ক করে বলেন, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামকে যদি কেবল আবেগঘন স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় এবং বৈশ্বিক ন্যায়বিচার ও আন্তর্জাতিক ব্যবস্থা সম্পর্কে মৌলিক তত্ত্ব ও চিন্তাধারার পর্যায়ে উন্নীত করা না যায়, তাহলে আধিপত্যবাদী শক্তিগুলোর শক্তিশালী গণমাধ্যমের প্রচারণার বিপরীতে আমাদের বক্তব্য সবসময়ই আত্মপক্ষ সমর্থনের অবস্থানে থেকে যাবে।
সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ছড়িয়ে দিতে শিল্প ও গণমাধ্যমের ভূমিকা
শহীদ বিপ্লবী নেতার সাম্রাজ্যবাদবিরোধী চিন্তাধারা ব্যাপকভাবে তুলে ধরতে শিল্প ও গণমাধ্যমের সক্ষমতাকে বিচক্ষণতার সঙ্গে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন ড. ইসলামী। বিশেষ করে চলচ্চিত্রশিল্পের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
তাঁর মতে, চলচ্চিত্রের কাজ কেবল সংগ্রামের আবেগঘন ও বীরত্বপূর্ণ মুহূর্তগুলো পুনরায় তুলে ধরা নয়; বরং গল্পের অন্তর্নিহিত উপাদানের মাধ্যমে আধিপত্যবাদের প্রকৃত স্বরূপ উন্মোচন করা এবং এর বিপরীতে ন্যায়বিচারভিত্তিক মানবিক মূল্যবোধ তুলে ধরা। এমনভাবে বিষয়গুলো উপস্থাপন করতে হবে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকও এসব মূল্যবোধের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারেন।
তিনি বলেন, এ ক্ষেত্রে এমন এক ধরনের কৌশলগত চলচ্চিত্র নির্মাণ প্রয়োজন, যা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়; বরং অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতির বিভিন্ন ক্ষেত্রেও আধিপত্যবাদের প্রকৃত চিত্র বাস্তবসম্মত, আকর্ষণীয় ও যুক্তিনির্ভর উপায়ে তুলে ধরতে সক্ষম হবে।
ইরানি জাতির সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম অব্যাহত থাকবে
নারী হাওজা সেমিনারির শিক্ষক ও গবেষক নারজেস শেকারজাদেহ বলেন, শহীদ ইমামের চিন্তাধারায় ইরানি জাতির সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম একটি অব্যাহত আদর্শিক অঙ্গীকার।
তিনি বলেন, শহীদ বিপ্লবী নেতা সাম্রাজ্যবাদকে ইসলামী ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত শক্তি হিসেবে বিবেচনা করতেন। তাঁর বক্তব্যে সাম্রাজ্যবাদের কয়েকটি বৈশিষ্ট্য বিশেষভাবে উঠে এসেছে। এগুলোর মধ্যে রয়েছে—আত্মঅহমিকা ও শ্রেষ্ঠত্বের দাবি, সত্যকে প্রত্যাখ্যান করা, মানবজাতির বিরুদ্ধে অপরাধ সংঘটন, দ্বিমুখী আচরণ, যুদ্ধ উসকে দেওয়া, বিভেদ সৃষ্টি এবং স্বাধীনচেতা জাতিগুলোর বিরোধিতা করা।
তিনি আরও বলেন, শহীদ নেতা বহু আগেই সাম্রাজ্যবাদবিরোধী আদর্শের গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা উপলব্ধি করেছিলেন এবং এ বিষয়ে সতর্ক করেছিলেন। তাঁর নেতৃত্বকালের অন্যতম প্রধান দাবি ছিল সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখা এবং শত্রুর সামনে কোনোভাবেই নতি স্বীকার না করা।
তিনি বারবার জোর দিয়ে বলতেন, এই আদর্শের কোনো সমাপ্তি নেই। যতদিন পৃথিবীতে আধিপত্যবাদী ও জুলুমকারী শক্তি থাকবে, ততদিন তাদের বিরুদ্ধে সংগ্রামও অব্যাহত থাকবে।
সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম জাতীয় মর্যাদা ও স্বাধীনতার প্রতীক
নারজেস শেকারজাদেহ আরও বলেন, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জনগণের মধ্যে এই সাহসী ও সচেতন আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখা।
তাঁর ভাষায়, শহীদ বিপ্লবী নেতা ইমাম খোমেনি (রহ.)-এর আদর্শ অনুসরণ করে আমাদের সামনে মর্যাদা ও সম্মানের এই আলোকিত পথ তুলে ধরেছেন। এ সংগ্রামের কোনো নির্দিষ্ট সমাপ্তি নির্ধারণ করা যায় না। কারণ, এই সংগ্রাম থেকে সরে দাঁড়ানো শেষ পর্যন্ত সাম্রাজ্যবাদকে মেনে নেওয়া এবং আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণের শামিল।
তিনি উল্লেখ করেন, ১৩ আবান (৪ নভেম্বর) ইরানে জাতীয় সাম্রাজ্যবাদবিরোধী দিবস হিসেবে পালিত হয়। দিনটি জাতির সম্মিলিত সংকল্প, সাহস ও প্রতিরোধের এক চিরন্তন প্রতীক।
তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম যেখান থেকেই শুরু করা হোক না কেন, তা শেষ পর্যন্ত বিজয় ও ইতিবাচক ফলাফল বয়ে আনবে। এ বাস্তবতা উপলব্ধি করতে হলে ইমাম খোমেনি (রহ.)-এর নেতৃত্বে আন্দোলনের সূচনা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম এবং দেশটির অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাসের দিকে তাকালেই যথেষ্ট। একই সঙ্গে এই সংগ্রামের পথে ইরানি জাতিকে শহীদ বিপ্লবী নেতার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব ও দিকনির্দেশনার কথাও স্মরণ করতে হবে।
আপনার কমেন্ট